অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

দেশের খবর - ১৪ এপ্রিল, ২০১২
 
‘চক্রান্ত’ বলে দায় এড়ানো যাবে না -ফখরুল
নিজস্ব প্রতিবেদক:

রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তর সহকারীর গাড়িতে ৭০ লাখ টাকার পাওয়ার ঘটনাকে সরকারের ‘বড় ধরনের দুর্নীতি’ হিসাবে উল্লেখ করে এর সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল ইয়াওমুল জুমুয়াতি বা শুক্রবার ঢাকা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানের পর তিনি সাংবাদিকদের বলেন, সুরঞ্জিত সেনগুপ্তর সহকারীর গাড়িতে অর্থ পাওয়ার ঘটনা আজ মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। এই ঘটনায় প্রমাণ হয়েছে, সরকারের দুর্নীতি আজ ব্যধিতে পরিণত হয়েছে।
এটাকে এখন কোনোভাবে চক্রান্ত বলে এড়ানো যাবে না। সেখানে বড় ধরনের দুর্নীতি হয়েছে, যোগ করেন তিনি।
গত সোমবার গভীর রাতে রাজধানীর জিগাতলা মোড়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের মূল ফটকের কাছে বিপুল পরিমাণ টাকাসহ আটক হন রেলমন্ত্রীর এপিএস ওমর ফারুক তালুকদার। পরে তাকে ছেড়ে দেওয়া হলেও ওই ঘটনা নিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয়।
ফারুকের সঙ্গে ওই গাড়িতে রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) ইউসুফ আলী মৃধাও ছিলেন। সংবাদ মাধ্যমের খবর, রেলওয়ের নিয়োগের জন্য ঘুষ হিসেবে ওই ৭০ লাখ টাকা নেওয়া হয়েছিল।
ব্যাপক সমালোচনার মুখে বুধবার ফারুককে সাময়িক বরখাস্ত করে সুরঞ্জিত। ওই ঘটনার তদন্তে দুটি কমিটি করে রেলপথ মন্ত্রণালয়।
নিজের অবস্থান স্পষ্ট করতে গত বৃহস্পতিবার রেলভবনে এক সংবাদ সম্মেলনে সুরঞ্জিত বলেছে, গত ৪০ বছর ধরে রেলের ‘সুবিধাভোগকারীরা’ এখন চক্রান্ত করছে। এ প্রসঙ্গে ঢাকা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনের অনুষ্ঠানের পর মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, নিজের সম্মান ও গণতন্ত্রের রীতিনীতি রক্ষার স্বার্থে ঘটনার সঙ্গে সঙ্গে পদত্যাগ করা উচিৎ ছিলো সুরঞ্জিত সেনগুপ্তর। কিন্তু তিনি তা করেননি। এখন বলছেন, চক্রান্ত হয়েছে। দেশবাসী এ কথা বিশ্বাস করে না।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারকে ‘পুরোপুরি দুর্নীতিগ্রস্ত’ আখ্যায়িত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গত তিনবছর সরকারের এই দুর্নীতি ‘প্রাতিষ্ঠানিক রূপ’ পেয়েছে।
ডিসিসি নির্বাচন:
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ডিসিসি নির্বাচনে বিএনপি কোন প্রার্থীকে সমর্থন দেবে তা- সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা থেকে দেশে ফেরার পর এ বিষয়ে আলোচনা হবে।
বর্তমান নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া ‘অসাংবিধানিক’ ছিল- এমন অভিযোগ করে এই বিএনপি নেতা বলেন, আমরা এই কমিশন গঠনের বৈধতা নিয়ে প্রথমেই প্রশ্ন তুলেছি। তাছাড়া সরকার ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করেছে। সেখানে নির্বাচিত প্রতিনিধি সরিয়ে প্রশাসক নিয়োগ দিয়েছে। সরকারের এসব কর্মকা-ও অসাংবিধানিক ও বেআইনি।
জোট সস্প্রসারণ: চার দলীয় জোটের সম্প্রসারণের বিষয়ে শিগগিরই সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে সাংবাদিকদের জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, আমাদের নেত্রী গত ১২ মার্চ মহাসমাবেশ থেকে চার দলীয় জোট সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। কবে এই সংবাদ সম্মেলন হবে জানতে চাইলে তিনি বলেন, ১৮ এপ্রিল তা হতে পারে।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal