অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

দেশের খবর - ১৪ এপ্রিল, ২০১২
 
শ্রমিকদের হাতে ব্যবস্থাপক খুন!
এনএনবি:

ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকায় এজেআই গ্রুপের পলো কম্পোজিট নিট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রিন্টিং বিভাগের ব্যবস্থাপক আবদুস সালাম গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে ওই কারখানারই শ্রমিকদের হাতে খুন হয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনার প্রতিবাদে ওই কারখানার প্রায় চার হাজার শ্রমিক বেলা আড়াইটার দিকে হেমায়েতপুর-সিঙ্গাইর সড়ক ও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় শ্রমিকেরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে বিকেল সাড়ে চারটার দিকে তাঁরা অবরোধ তুলে নেন।
সাভার থানার পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার কারখানার প্রিন্টিং বিভাগের ৫ শ্রমিককে ডাইং বিভাগে বদলি করা হয়। এর প্রতিবাদে ওই শ্রমিকেরা চাকরি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন। গতকাল বেলা সোয়া একটার দিকে কারখানার ব্যবস্থাপক আবদুস সালাম দুপুরের খাবার খাওয়ার জন্য কারখানা থেকে বের হয়ে হেমায়েতপুর এলাকার বাসায় যাচ্ছিলেন। এ সময় ওত পেতে থাকা ওই শ্রমিকেরা তাঁকে ধাওয়া করেন। কারখানা থেকে প্রায় ১০০ গজ দূরে মা সার্ভিসিং সেন্টারের কাছে শ্রমিকেরা তাঁকে আটক করে কাঠের লাকড়ি ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। একপর্যায়ে আবদুস সালাম মা সার্ভিসিং সেন্টারের ভেতরে ঢুকে গেলে শ্রমিকেরা ছুরি দিয়ে তাঁর পেটে আঘাত করে। আবদুস সালামের আর্তচিৎকারে লোকজন এগিয়ে গেলে হামলাকারী শ্রমিকেরা পালিয়ে যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আবদুস সালামের মৃত্যু হয়।
কারখানার মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক আবদুল কাদের জানান, কাজ না থাকায় শ্রমিকদের প্রিন্টিং সেকশন থেকে ডাইং সেকশনে বদলি করা হয়েছিল। এ কারণেই শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওই কর্মকর্তাকে হত্যা করেছেন। এ ব্যাপারে কারখানার পক্ষ থেকে সাভার থানায় মামলার প্রস্তুতি চলছে।
ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, বদলির ক্ষোভ থেকেই শ্রমিকেরা পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।








For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal