 |
রেলের অর্থ কেলেংকারি এনামুল ও মৃধার স্ত্রীকেও দুদকের নোটিশ
নিজস্ব প্রতিবেদক:
৯ এপ্রিল মধ্যরাতে রেলওয়ের অর্থ কেলেংকারির ঘটনায় সাবেক রেলমন্ত্রী ও বর্তমান দফতর বিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের চাকরিচ্যুত এপিএস ওমর ফারুক তালুকদার, রেলের পূর্বাঞ্চলের সাময়িক বরখাস্তকৃত মহা-ব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট এনামুল হকের সম্পদের হিসাব চেয়ে গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীমি বা সোমবার দুপুরে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছে। এ প্রসঙ্গে দুদক কমিশনার সাহাবুদ্দিন চুপপু বলেন, ‘ফারুক, মৃধা ও এনামুলের পাশাপাশি মৃধার স্ত্রী ও এনামুলের স্ত্রীর কাছেও আজ গতকাল তাদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠানো হয়েছে।’ কমিশন মনে করে, অভিযুক্তরা কোনো না কোনোভাবে অর্থ কেলেংকারির সঙ্গে যুক্ত। তাদের স্ত্রীরাও সেই দুর্নীতির সুবিধাভোগী। সে কারণে স্বামীর সঙ্গে স্ত্রীদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেওয়া হচ্ছে।’ জানা গেজে, নোটিশপ্রাপ্তির সাত কর্মদিবসের মধ্যে তাদের স্থাবর-অস্থাবর সব সম্পদের হিসাব দুদকে দাখিল করতে হবে। দুদক তাদের পাঠানো তথ্য যাচাই ওঅর্থের উৎস অনুসন্ধান করে দেখবে। একাধিক সূত্র জানায়, দুদক গোপনে অনুসন্ধান করে অভিযুক্তদের বক্তব্যের বাইরেও বেশ কিছু অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে। এ কারণে অর্থ কেলেংকারির সঙ্গে জড়িত ফারুক, মৃধা ও তার স্ত্রী, এনামুল ও তার স্ত্রীকে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দুদক। দুদকের একাধিক কর্মকর্তা জানান, সংশ্লিষ্টদের কাছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে বলে দুদক প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছে। তাদের জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট হতে পারেনি তদন্ত কমিটি। এ কারণে সম্পদ বিবরণী চেয়ে নোটিশ দেওয়া হবে জানান তারা। দুদকের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজনই তাদের সম্পদের বিষয়ে প্রাথমিক তথ্য দিয়েছেন বলে জানা গেছে। উল্লেখ্য, গত ৯ এপ্রিল সাবেক রেল মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুক তালুকদারের গাড়িতে অর্থ পাওয়ার ঘটনা ঘটে। ওই সময় গাড়িতে ইউসুফ মৃধা ও তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন রেলওয়ের কমান্ড্যান্ট এনামুল হক। রেলওয়েতে নিয়োগ বাবদ ঘুষ হিসেবে পাওয়া ৭০ লাখ টাকাসহ তারা পিলখানা বিজিবি সদর দফতরের প্রধান ফটকে আটক হন। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় রেলের অর্থ কেলেঙ্কারির ঘটনায় জড়িত থাকার অভিযোগে রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) ইউসুফ আলী মৃধা, রেলের নিরাপত্তা শাখার প্রধান কর্মকর্তা কমান্ড্যান্ট এনামুল হককে সাময়িক বরখাস্ত এবং রেলমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদারকে চাকরিচ্যুত করা হয়। সুরঞ্জিত সেনগুপ্ত ও এ ঘটনার দায় নিয়ে রেলমন্ত্রীর পদ থেকে অব্যাহতি নেন। বর্তমানে তিনি দফতরবিহীন মন্ত্রী হিসেবে রয়েছেন। এদিকে অর্থ কেলেংকারির ঘটনায় ১৮ এপ্রিল ফারুক, মৃধা ও এনামুকে জিজ্ঞাসাবাদ করে দুদক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রত্যেকেই নিজেদের নির্দোষ দাবি করেন। ফারুক তার গাড়িতে থাকা টাকা তার ব্যক্তিগত বলে দাবি করেন।
|
|
 |