 |
সময়োপযোগী ও প্রশিক্ষণের মাধ্যমে বিপুল জনগোষ্ঠীকে মানবসম্পদে পরিণত করতে হবে -ড. বারাকাত
বাসস:
অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারাকাত সময়োপযোগী শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দেশের বিপুল জনগোষ্ঠীকে মানবসম্পদে পরিণত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। ‘বিশ্ব অর্থনীতি এশিয়া ও বাংলাদেশের দিকে ঝুঁকছে’ উল্লেখ করে তিনি বলেন, অদূর ভবিষ্যতে বাংলাদেশের অর্থনৈতিক সফলতা অর্জনে বিপুল সম্ভাবনা রয়েছে। দেশের বিপুল মানবসম্পদ ও সমুদ্র সম্পদকে কাজে লাগিয়ে এ সম্ভাবনা অর্জন নিশ্চিত করতে হবে বলে তিনি উল্লে¬খ করেন। ড. আবুল বারাকাত রোববার পীরগঞ্জে জনতা ব্যাংকের ৮৭৯তম শাখা উদ্বোধন উপলক্ষে পীরগঞ্জে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আমিনুর রহমানের সভাপতিত্বে রংপুর-৬ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ফিতা কেটে জনতা ব্যাংকের ৮৭৯তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জনতা ব্যাংক লিমিটেডের পরিচালক ড. জামাল উদ্দিন আহমেদ, নজিবর রহমান, এডভোকেট বলরাম পোদ্দার, দবির উদ্দিন আহমেদ, ড. আব্দুর রউফ সরকার, এ কে এম শাহজাহান কামাল ও বেগম পারভীন মাহমুদ এবং পীরগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। অন্যান্যের মধ্যে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাররম হোসেন জাহাঙ্গীর চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মমিন আখন্দ, উপাধ্যক্ষ শহীদুল ইসলাম পাশা ও ব্যবসায়ী নেতা মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে বক্তৃতা করেন।
|
|
 |