 |
চাল রপ্তানির সুযোগ দিলো সরকার
নিজস্ব প্রতিবেদক
বাজারে ধান ও চালের দাম কমতে থাকা এবং দেশে বোরোর উৎপাদন আশাতীত ভালো হওয়ায় সরকার এবারো চাল রপ্তানির সুযোগ দিচ্ছে। খাদ্য ও আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যে সুগন্ধি চাল (অ্যারোমা রাইস) রপ্তানির জন্য একটি সরকারি আদেশ (এসআরও) গেজেট আকারে প্রকাশ করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মনোজ কুমার রায় গতকাল ইছনাইনিল আযীমি বা সোমবার এ সংক্রান্ত গেজেট প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছে। সে জানায়, খাদ্য ও আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়াসহ বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে গত ৩ জুন ওই গেজেট প্রকাশ করা হয়। এতে বলা হয়, গেজেট প্রকাশের দিন থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে সুগন্ধি জাতের বিভিন্ন চাল রপ্তানি করা যাবে। রপ্তানি নীতিমালা অনুসরণ করে এই সময়ের মধ্যে চাল রপ্তানির যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ওই সময়ের পর আর চাল রপ্তানি করা যাবেনা বলে জানান যুগ্ম-সচিব। কালিজিরা, চিনিগুড়া, কাটারিভোগ, বাসমতি, তুলশিমালা এবং বিআর-৩৮ জাতের চালসহ বেশ কয়েকটি জাতের চাল ঘোষিত রপ্তানিযোগ্য তালিকায় রয়েছে। এদিকে খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশের সম্ভাব্য প্রতিকূল খাদ্য পরিস্থিতি এবং চাল আমদানি সংক্রান্ত অতীত অভিজ্ঞতার কারণে সরকারিভাবে শুধু সুগন্ধি চালই রপ্তানির আদেশ জারি করা হবে। মোটা চাল রপ্তানির কোনো সরকারি আদেশ জারি হবে না। তবে চালের বাজার উৎপাদনকারী কৃষকদের অনুকূলে এবং বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে সুগন্ধি চালের পাশাপাশি মোটা চাল রপ্তানিতেও সরকারের পক্ষ থেকে কোনা আপত্তি থাকবে না বলে খাদ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।
|
|
 |