অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

দেশের খবর - ১২ জুন, ২০১২
 
কথিত প্রবাসী ২ পাত্রীসহ ৯ জন প্রতারক গ্রেফতার : কানাডা আমেরিকাসহ বিভিন্ন দেশের জাল ভিসা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক:

ম্যারেজ মিডিয়ার নামে প্রতারণা করে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে কথিত প্রবাসী দুই পাত্রীসহ নয় জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর রামপুরার বনশ্রী এলাকা হতে ম্যারেজ মিডিয়া চক্রের ভূয়া আমেরিকা ও কানাডা প্রবাসী পাত্রীসহ কথিত প্রবাসী ২ পাত্রীসহ ৯ জন প্রতারককে গ্রেফতার এবং তাদের কাছ থেকে কানাডা আমেরিকাসহ বিভিন্ন দেশের জাল ভিসা উদ্ধার করে।
পুলিশ প্রথমে কথিত প্রবাসী ২ পাত্রী মায়া বেগম (২৪) ও রানু রশিদ (৩৩) এবং সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য রুহুল মৃধা (৩০), নাজমুল আলম (৩০) ও ইদ্রিসকে (৪০) গ্রেফতার করে। পরে আসামীদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বসুন্ধরা এলাকা হতে প্রতারক চক্রের হোতা আ. হামিদ (৩৬), খোরশেদ আলম (২৭), উজ্জল (২৪) ও ইমতিয়াজ (২২ কে গ্রেফতার করে।
পুলিশ তাদের নিকট হতে ২২টি পাসপোর্ট, বিভিন্ন দেশের জাল আইডি ২৫টি, জাল ইমিগ্রান্ট ভিসা ফরম ৪০টি, নকল ভিসা ১০টি, বায়োডাটা ফরম ৭৬টি, ১টি ল্যাপটপ ও বিভিন্ন ধরণের জাল কাগজপত্র উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, সাধারণত তারা বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রবাসী পাত্রী’র পাত্র চাই চকটদার বিজ্ঞাপন প্রকাশ করে দেশের বেকার ও বিদেশে গমনেচ্ছু ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে। পরবর্তী সময়ে পাত্র তাদের অফিসে আসলে কথিত পাত্রীকেসহ তারা যে কোন হোটেলে বসে কথাবার্তা চুড়ান্ত করে চুক্তিতে উপনীত হয় এবং পাত্রের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া শুরু করে। তাদের সহযোগি অপর প্রতারকদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। পুলিশ জানায়, ইতোপূর্বেও রুহুল মৃধা ও নাজমুল আলম'কে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছিল। সম্প্রতি তারা জামিনে বের হয়ে পুনরায় ম্যারেজ মিডিয়ার অফিস খুলে তাদের ব্যবসা শুরু করে। এ সংক্রান্তে ভাটারা ও রামপুরা থানায় তাদের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়েছে। সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আঃ আহাদ অভিযানে নেতৃত্ব দেন।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal