 |
মালবাহী যানের ওজন নিয়ন্ত্রণ নীতিমালার খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
সড়ক-মহাসড়কে সব ধরনের মালবাহী যানবাহন চলাচলে অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে ‘মোটরযান এক্সেজ লোড নিয়ন্ত্রণ কেন্দ্র পরিচালনা সংক্রান্ত নীতিমালা-২০১২’র খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। গতকাল সোমবার মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “সব ধরনের যানবাহন এই নীতিমালার আওতায় আসবে।” মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘‘খসড়া নীতিমালায় সমন্বয় কমিটি করার বিধান রাখা হয়েছে। কিভাবে এক্সেজ লোড করা হয়, সমন্বয় কমিটি তা দেখবে।’’ নীতিমালায় ১০টি বিধান রাখা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। সচিব জানান, কয়েক বছর আগে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ওজন সীমা নির্ধারণ করা আছে। এটি যথাযোগ্যভাবে কেউ মানছে না। এটি মানাতে হলে নীতিমালা প্রয়োজন। মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসেন ভূঁইঞা আরো বলেন, ‘‘সকল প্রকার মালবাহী পরিবহনে ওজন নিয়ন্ত্রনের জন্য নীতিমালা গেজেটের মাধ্যমে প্রকাশ করা হবে। এছাড়া প্রচারের ব্যবস্থাও থাকবে।’’ সচিব বলেন, ‘‘প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন, চালকদের মোটিভেশন করতে হবে।’’ পর্যায়ক্রমে নীতিমালা বাস্তবায়ন হবে বলেও জানান তিনি।
|
|
 |