 |
কলেই কর বসছে মোবাইলফোনে! * জনমনে অসন্তোষ
নিজস্ব প্রতিবেদক:
মোবাইলফোনে প্রতি কলেই কর আরোপ করতে যাচ্ছে সরকার। কলপ্রতি ১৫ থেকে ২০ পয়সা হারে সারচার্জ আরোপ করে ব্যবহারকারীর কাছ থেকেই তুলে নেয়া হবে অর্থ। যা দিয়ে তৈরি হবে বিশেষ জ্বালানি তহবিল। মোবাইলফোন টক টাইমের ওপর ২ শতাংশ কর আরোপের যে ঘোষণা অর্থমন্ত্রী তার সাম্প্রতিক বাজেট বক্তৃতায় দিয়েছেন তার বাইরে এ কর আরোপের কথা ভাবা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মুল্য বৃদ্ধিসহ এই খাতে ঘাটতি মেটাতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। আর প্রস্তাবটি আসছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে। সূত্র জানায়, মঙ্গলবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের একটি বৈঠকে আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাব তুলে ধরবে জ্বালানি মন্ত্রণালয়। তবে সংশ্লিষ্টদের অনেকেরই মত, এমন সারচার্জ আরোপ করা হলে তা জন অসন্তোষের কারণ হবে। এছাড়াও একটি সেবা খাতের সঙ্কট এড়াতে অপর একটি সেবাখাতের ওপর চাপ সৃষ্টিকেও সঠিক সিদ্ধান্ত মনে করছেন না অনেকেই। এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সঙ্গে যোগাযোগ করা হলে এর একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, বিষয়টি সম্পর্কে বিটিআরসি ওয়াকিবহাল। তবে এটি রাজস্ব বোর্ডের সিদ্ধান্তের বিষয়। এক্ষেত্রে কমিশনের কিছু করণীয় নেই।
|
|
 |