অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

দেশের খবর - ২০ জুন, ২০১২
 
সড়ক দুর্ঘটনার দায় আমি এড়াতে পারি না: যোগাযোগমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:

যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক দুর্ঘটনার দায় মন্ত্রী হিসেবে আমি এড়াতে পারি না। এ দায় আমাকে নিতেই হবে। দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। গতকাল ইয়াওমুছ ছুলাছায়ি বা মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ। এতে গবেষণাপত্র উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামসুল হক।
দুর্ঘটনা প্রতিরোধে সরকারের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি উল্লেখ করে কাদের বলেন, দুর্ঘটনার জন্য শুধু চালকরাই দায়ী না, অসচেতন পথচারীরাও সমান দায়ী। অনেক সময় দেখা যায় পথচারী মোবাইল ফোনে কথা বলতে বলতে অথবা বেখেয়ালে রাস্তা পার হচ্ছেন। এতেও দুর্ঘটনা ঘটে।
এ ক্ষেত্রে রাজনীতিক, মন্ত্রী, জনপ্রতিনিধি, বিচারক, সাংবাদিক ও ডাক্তারসহ সবাইকে দায়িত্বশীল হতে হবে। এটিই সবচেয়ে বেশি দরকার বলেও মন্তব্য করেন যোগাযোগমন্ত্রী। তিনি বলেন, সরকারের একার পক্ষে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব নয়। এ জন্য দরকার সর্বস্তরের জনগণের সচেতনতা। আমাদের সমস্যাগুলো চিহ্নিত করা আছে। এখন প্রয়োজন শুধু জনসচেতনা বিষয়ে গণসংযোগ।
রেলমন্ত্রী আরো বলেন, সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ ‘বাঁক’। এ ধরনের ঝুঁকিপূর্ণ বাঁকগুলো চিহ্নিত করা হয়েছে। তা ঠিক করার কাজ চলছে। বিরোধী দলসহ সবার প্রতি অনুরোধ করছি, রাস্তা-ঘাট নিয়ে অপরাজনীতি না করে উন্নয়নে এগিয়ে আসুন। এক সঙ্গে কাজ করি। দৃশ্যমান হতে বেশি সময় লাগবে না।
পদ্মা সেতুর প্রসঙ্গে কাদের বলেন, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই পদ্মা সেতুর কাজ শুরু করা হবে। ইতিমধ্যে সেতুর প্রাথমিক ৯৫ ভাগ কাজ শেষ করা হয়েছে। শিগগিরই মূল সেতু নির্মাণের কাজ শুরু করা হবে।
যানবাহনে ডিজিটাল নম্বর প্লেট প্রতিস্থাপনের বিষয়ে তিনি বলেন, আশা করা যাচ্ছে চলতি বছরের নভেম্বরের দিকে নম্বর প্লেট তৈরির কাজ শেষ কার যাবে। এর পরই সেগুলো যানবাহনে সংযুক্ত করার কাজ শুরু হবে।
১৪৬ টি রেল স্টেশন দক্ষ জনবলের অভাবে বন্ধ হয়ে আছে। এগুলো শিগগিরই চালু করার জন্য পদক্ষেপ নেয়া হবে বলেও জানান রেলমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, ছয় মাস কিংবা তিন মাসের মন্ত্রিত্বে আমিতো ম্যাজিক দেখাতে পারবো না। আমাকে অল্প সময়ে সাধ্যের মধ্যে কাজ করে যেতে হবে। কথার বুলি না ছুড়ে এ সময়ে দৃশ্যমান উন্নয়ন দেখাতে চাই। ইতিমধ্যে আমি ৪০টি জেলা সফর করেছি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অব. মুজিবুর রহমান ফকির, হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এলেনা খান প্রমুখ।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal