 |
খালেদা জিয়ার পবিত্র ওমরাহ পালন
আইএনবি:
সৌদি আরব সফররত জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গত সোমবার দিবাগত রাতে পবিত্র কাবা শরীফে পবিত্র ওমরাহ পালন করেছেন। বেগম খালেদা জিয়া এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করেন। সৌদি আরবে অবস্থানরত চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেলের বরাত দিয়ে বিএনপি’র মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার গতকাল মঙ্গলবার বিকেলে একথা জানান। বেগম খালেদা জিয়া ওমরাহ পালনের সময় বিএনপি’র ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টামন্ডলীর সদস্য রিয়াজ রহমান ও মোসাদ্দেক আলী, বিএনপি চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, বিরোধী দলীয় নেতার একান্ত সচিব এএসএম সালেহ আহমেদ, বিএনপি নেতা শরীফ শাহ কামাল তাজ ও এনামুল হক চৌধুরী, ব্যক্তিগত ফটোগ্রাফার নূরুদ্দীন আহমেদ নুরু, খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমাসহ প্রবাসী বিএনপি’র নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়া গত শুক্রবার স্বাস্থ্য পরীক্ষার জন্য সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। শনিবার বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) চেয়ারম্যান ড. আহমেদ মোহাম্মদ আলী। সোমবার সৌদি বাদশাহ’র উপদেষ্টা ড. আবদুল্লাহ ওমর নাসিফ বিরোধী দলীয় নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। তিনি আগামী ২১ জুন দেশে ফিরবেন।
|
|
 |