অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

দেশের খবর - ১৪ জুলাই, ২০১২
 
গাড়িতে চালকের হাত-পা বাধা লাশ
নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য হাজী মকবুল হোসেনের ছোট ছেলে মুজিবুল ইসলামের গাড়ি থেকে তার চালক হানিফ সিকদারের(৩৫) লাশ উদ্ধার করেছে রাজধানীর উত্তরা থানার পুলিশ। মুজিবুল বলছেন, রাতে গ্যাস নেয়ার কথা বলে বাসা থেকে বেরিয়েছিলেন হানিফ। মকবুল বললেন, আমার এমন কোনো শত্রু নেই যে চালককে হত্যা করে হুমকি দিতে পারে আমাকে।
উত্তরা থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম জানিয়েছেন উত্তরার ৭ নম্বর সেক্টরে ঢাকা-ময়মনসিংহ সড়কের পশ্চিম পাশে সাদা রঙের একটি প্রাইভেটকারে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে টহলরত পুলিশ ।
তিনি জানান, দরজা খোলা গাড়ির পেছনের সিটে লাশটি হাত-পা বাঁধা অবস্থায় উপুড় হয়ে ছিল। সারা শরীরে জখমের চিহ্ন ও মুখে রক্ত ছিল।
তিনি বলেন, প্রথমে অজ্ঞাতনামা হিসেবে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হলেও পরে মৃতের পরিচয় নিশ্চিত হওয়া যায়। গাড়িটি থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এসআই জানান, গাড়িটি তল্লাশি করে বিভিন্ন কাগজপত্র, একটি মোবাইল ফোন ও গাড়ির চাবি পাওয়া গেছে। মোবাইল ফোনে সংরক্ষিত একটি নম্বরে ফোন করলে সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের এক কর্মকর্তা রিসিভ করেন। তার কাছ থেকেই মৃতের পরিচয়, গাড়ির মালিকের নামসহ বিভিন্ন তথ্য জানা যায়।
সাবেক সাংসদ মকবুল হোসেনের ছেলে মুজিবুল ইসলাম সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির একজন পরিচালক। গাড়িটি কোম্পানির নামে হলেও তিনি তা ব্যবহার করতেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপে মুজিবুল ইসলাম জানিয়েছেন, সাভারে তার কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান আছে। বৃহস্পতিবার সকালে গুলশান ২ নম্বরের ৫৪ নম্বর সড়কের বাসা থেকে চালক হানিফসহ গাড়িতে করে তিনি সাভারে যান। সন্ধ্যার দিকে বাসায় ফিরে ধানমন্ডিতে একটি অনুষ্ঠানে যান। রাত সাড়ে ১২টার দিকে বাসায় ফেরেন তিনি। এ সময় গ্যাস নেয়ার কথা বলে হানিফ গাড়ি নিয়ে বের হয়। পরে সারা রাত আর তিনি ফেরেননি। আজ সকালে তিনি দুর্ঘটনার খবর পান।
মুজিবুল বলেন, হানিফ সাধারণত আশপাশের ফিলিং স্টেশন থেকে গ্যাস নেন। আমার জানা মতে, উত্তরায় তার কোনো আত্মীয় নেই।
আরো জানান, হানিফ প্রায় চার বছর ধরে তাঁর চালক হিসেবে আছেন। গুলশানের বাসায় থাকতেন হানিফ। কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে, তা তিনি ধারণা করতে পারছেন না। তবে হানিফ বেশির ভাগ সময় ফোনে কথা বলতেন। এ জন্য বিভিন্ন সময় তিনি তাকে বকাঝকাও করেছেন তিনি।
ওই বাসার নিরাপত্তাকর্মী আমিনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত দুইটার দিকে হানিফ তার মোবাইলে ফোন করেন। হানিফ জানান, তিনি মোহাম্মদপুরে এক বোনের বাসায় আছেন, আসতে দেরি হবে।
সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন সাংবাদিকদের বলেছেন, আমার এমন কোনো শত্রু নেই, চালককে মেরে হুমকি দেওয়া হবে। চালকের মোবাইল ফোন যাচাই করে ঘটনার রহস্য উদঘাটন করা হোক বলে দাবি করেছেন তিনি।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal