অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

দেশের খবর - ১৬ সেপ্টেম্বর, ২০১২
 
রাজধানীর অর্ধশত জুয়েলারি দোকান গোয়েন্দা নজরদারিতে
নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর অর্ধশত জুয়েলারি দোকান গোয়েন্দা নজরদারিতে রয়েছে। চুরি, ডাকাতির সময় লুট হওয়া স্বর্ণালঙ্কারগুলো এক শ্রেণীর জুয়েলারি দোকান মালিকরা গোপনে কম টাকায় কিনে নেওয়ার কারণে তা উদ্ধার করা যাচ্ছেনা। গোপনে চুরি করা স্বর্ণালঙ্কার কিনে থাকে রাজধানীর এমন প্রায় অর্ধশতাধিক দোকানও চিহ্নিত করেছে গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মশিউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, শিগগিরই এই সকল দোকানগুলোতে অভিযান শুরু করা হবে।
ডিবি সূত্র জানায়, রাজধানীতে চুরি ডাকাতির সময় লুট হওয়া স্বর্ণালঙ্কারগুলো উদ্ধার না হওয়ার পেছনে এই দোকানগুলো দায়ী। তারা গোপনে কিছু এজেন্ট রাখে। যারা চুরি ডাকাতির সময় লুট করা স্বর্ণালঙ্কারগুলো দ্রুত কিনে ফেলে। যার কারণে চোর ডাকাত আটক হলেও স্বর্ণালঙ্কারগুলো উদ্ধার করা সম্ভব হয়না। এ কারণে তারা পুরো রাজধানীজুড়ে এই সকল জুয়েলারি দোকান চিহ্নিত করার কাজ শুরু করে।
ডিবির ওই সূত্রটি জানায়, রাজধানীজুড়ে এমন প্রায় অর্ধশতাধিক দোকান চিহ্নিত করা হয়েছে, যারা এই চক্রের সঙ্গে জড়িত। এই দোকানগুলো রাজধানীর পল্টন, বায়তুল মোকাররম মার্কেট, মিরপুর, শাহআলীসহ কয়েকটি স্থানে অবস্থিত।
মহানগর ডিবি পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান বলেন, রাজধানীর কিছু জুয়েলারি দোকান রয়েছে যাদের মালিকের সঙ্গে চোর ডাকাতের সখ্যতা রয়েছে। এদের কাছ থেকে তারা স্বর্ণালঙ্কার কিনে থাকে। এ সংখ্যা প্রায় অর্ধশতাধিক।
তিনি বলেন, কাজের বুয়ারুপি মহিলা চোরদলের সর্দার শিউলিকে আটকের পর আমরা বিস্তারিত তথ্য পায়। তার দেয়া তথ্যানুসারে মিরপুরের শাহআলী থানাধীন আল হারুন জুয়েলারি দোকানে অভিযান পরিচালনা করে সুজন কুন্ডু এবং শাহিন নামের দু’জনকে আটকের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য পায়। তাদের কাছ থেকে ৪০ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার হয়।
এছাড়া মিরপুর এলাকায় আওয়ামী লীগের এক নেত্রীর বাসায় স্বর্ণালঙ্কার চুরি হয়। ওই স্বর্ণালঙ্কারগুলো যে জুয়েলারি মালিক কিনেছিলেন পরে তিনি সমমূল্যের টাকা জরিমানা দেন।
তিনি আরও বলেন, আটক ওই দু’কর্মচারী রিমান্ডে রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এই তথ্য যাচাই বাছাই এবং পূর্বের তালিকা অনুযায়ী চিহ্নিত এই সকল জুয়েলারি দোকানগুলোতে পর্যায়ক্রমে অভিযান চালানো হবে।
প্রসঙ্গত, রাজধানীতে সম্প্রতি বেশ কয়েটি ডাকাতি ও খুনের ঘটনায় সংঘবদ্ধ র্দুর্বৃত্তরা শত শত ভরি স্বর্ণালঙ্কার লুট করে। পুলিশ বিভিন্ন সময় চুরি ও ডাকাতির রহস্য উদঘাটন করে আসামি আটক করলেও লুট হওয়া ওই সকল স্বর্ণালঙ্কার উদ্ধার করতে পারেনি। পুলিশ কর্মকর্তারা বলেন, লুট হওয়ার পরপরই দুর্বৃত্তরা স্বর্ণালঙ্কার বিক্রি করে দেয়। যার কারণে উদ্ধার করা সম্ভব হয়না।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal