অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

দেশের খবর - ১৬ সেপ্টেম্বর, ২০১২
 
সাড়ে ৪ মাসেও শেষ হয়নি বোরো সংগ্রহ
নিজস্ব প্রতিবেদক:

সরকারি খাদ্যগুদামে জায়গা না থাকায় চুক্তিভুক্ত চালকল মালিকদের কাছ থেকে বোরো চাল সংগ্রহ করতে পারছে না সরকার।
এ কারণে অভ্যন্তরীণ বাজার থেকে নিজস্ব উৎপাদনের বোরো চাল সংগ্রহ সাড়ে চার মাসেও শেষ হয়নি। চলতি সেপ্টেম্বর মাসের মধ্যে সংগ্রহ শেষ করা নিয়েও সংশ্লিষ্টদের মধ্যে সংশয় রয়েছে।
তবে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমেদ হোসেন খান বলছেন, সাড়ে চার মাস শেষ হলেও পুরো সেপ্টেম্বর মাস জুড়েই খাদ্যশস্য সংগ্রহের সুযোগ রয়েছে এবং এ মাসের মধ্যেই বোরোর অভ্যন্তরীণ সংগ্রহ শেষ করা সম্ভব হবে।
এর আগে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, গুদাম খালি না হওয়া পর্যন্ত চালকল মালিকদের কাছেই চাল মজুদ থাকবে। বিভিন্ন সরকারি কর্মসূচি ও প্রকল্পের জন্য খাদ্যশস্য বিতরণ করে গুদাম খালি হলে পর্যায়ক্রমে চুক্তির এসব বোরো চাল গুদামে নেয়া হবে।
আহমেদ হোসেন জানান, বিভিন্ন কর্মসূচি ও প্রকল্পের খাদ্যশস্য বরাদ্দ দেয়ায় ইতোমধ্যে সরকারি গুদামগুলো খালি হতে শুরু করেছে।
“আশা করছি, চলতি মাসের মধ্যেই বোরোর সংগ্রহ অভিযান শেষ করা সম্ভব হবে। খুব বেশি হলে আর সাতদিন সময় লাগতে পারে,” যোগ করেন তিনি।
এপ্রিলে বোরো ধান ওঠা শুরুর পর গত ৩ মে থেকে ধান ও চাল সংগ্রহ শুরু করে খাদ্য অধিদপ্তর। এতে ৯ লাখ মেট্রিক টন চাল এবং দেড় লাখ টন ধান অথবা একসঙ্গে ১০ লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
এ বছর মোট ১ কোটি ৮৭ লাখ মেট্রিক টন বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল। প্রতিকেজি ধান ১৮ টাকা এবং চাল ২৮ টাকা দর ধরে তা কিনছে সরকার।
খাদ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন খাদ্য গুদামে মোট ৭ লাখ ৬৫ হাজার ৭২৭ মেট্রিক টন চাল ঢুকেছে।
ধান আকারে প্রায় দেড় লাখ টন খাদ্যশস্য কেনার ঘোষণা থাকলেও অধিদপ্তরের কাছে ধান কেনার কোনো তথ্য পাওয়া যায়নি।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ২ লাখ ৩২ হাজার মেট্রিক টন বোরো চাল কেনা এখনো হয়নি।
দেশের খাদ্য গুদামগুলোতে বর্তমানে প্রায় ১৪ লাখ ৮০ হাজার মেট্রিক টন খাদ্য শস্যের মজুদ রয়েছে। এর মধ্যে চাল রয়েছে ১১ লাখ ৮১ হাজার মেট্রিক টন এবং গম রয়েছে ২ লাখ ৯৯ হাজার মেট্রিক টন।
এছাড়াও আমদানি করা ৪ হাজার মেট্রিক টন চাল এবং ৪৪ হাজার মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে খালাসের অপেক্ষায় রয়েছে।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal