অনুগ্রহ করে অপেক্ষা করুন...
al-ihsan.net
বাংলা
|
English
দেশের খবর - ১২ ফেব্রুয়ারী, ২০১৩
বৃষ্টি হলেই গচ্চা ৭ কোটি টাকা
নিজস্ব সংবাদদাতা:
ইউরিয়া সারের দামবৃদ্ধি ও কৃষকদের চাহিদা কম থাকায় এবং মাঠপর্যায়ে প্রয়োজনের তুলনায় কৃষকরা কম সার ব্যবহার করায় রংপুরে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বাফা) গোডাউন থেকে সার উত্তোলন করছেন না ডিলাররা।
এ কারণে গোডাউনের বাইরে খোলা আকাশের নিচে পড়ে আছে ৮ হাজার মেট্রিক টন ইউরিয়া সার। বৃষ্টি হলেই এসব সারের বস্তা পানিতে গলে ৭ কোটি টাকা নিমিষেই গচ্চা যাবে।
রংপুর বাফার গোডাউন সূত্র জানায়, বাফার গোডাউনে ইউরিয়া সারের ধারণক্ষমতা ৫ হাজার মেট্রিক টন। এখানে সার আছে ১৭ হাজার মেট্রিক টন। ফলে খোলা আকাশের নিচে পড়ে রয়েছে প্রায় ৮ হাজার মেট্রিক টন সার। এসব সার ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে। এছাড়াও প্রায় ৫ হাজার ছেঁড়া-ফাটা বস্তায় সার পড়ে আছে। যেগুলো বৃষ্টি হলেই গলে নষ্ট হয়ে যাবে।
গোডাউন কর্মকর্তারা জানান, প্রতিদিন ট্রাকে করে সার নিয়ে এসে রাখা হচ্ছে এখানে। স্থান সংকুলান না হওয়ায় সেগুলো বাইরে রাখা হয়েছে। রংপুরের ১০২ জন ডিলারের মধ্যে এ সার বিতরণ করা হবে। কিন্তু ডিলারদের সার উত্তোলনে ধীরগতির কারণে সারের মজুদ বেড়েই চলছে। গোডাউনে যে ধারণক্ষমতা তার চেয়ে বেশি সার আসায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, এবার তুলনামূলকভাবে ইউরিয়া সারের দাম বৃদ্ধি পাওয়ায় কৃষকরা প্রয়োজনের তুলনায় জমিতে সার কম দিচ্ছেন।
রংপুর বাফার গুদামে গিয়ে দেখা যায়, শ্রমিকরা সারের বস্তা ওঠা-নামানোয় ব্যস্ত। রাস্তার পাশে সারি বদ্ধভাবে দাঁড়িয়ে আছে সার ভর্তি ট্রাক। সকাল থেকে গভীররাত পর্যন্ত ট্রাকগুলো থেকে সার নামানো হচ্ছে। গোডাউনের ভেতরে স্থান সংকুলান না হওয়ায় তা রাখা হচ্ছে বাইরের খোলা চত্বরে।
সূত্র জানিয়েছে, রংপুর বাফার গোডাউন থেকে ১০২ জন ডিলার সার উত্তোলন করে থাকেন। এসব ডিলার রোববার পর্যন্ত ১৬ হাজার মেট্রিক টন সার উত্তোলন করার কথা ছিল। কিন্তু তারা মাত্র ৮ হাজার মেট্রিক টন সার উত্তোলন করেছেন।
নাম প্রকাশ না করে এক ডিলার আক্ষেপ করে বলেন, কৃষকরা কোনো পণ্যেরই ন্যায্যমূল্য পাচ্ছেন না। না পাচ্ছেন ধানের, না পাচ্ছেন পাটের। আর না খরচ উঠছে আলুতে। কিন্তু তাদের ঠিকই বেশি দামে সার কিনে জমিতে দিতে হচ্ছে।
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal