al-ihsan.net
বাংলা | English

অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ এক বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে
নিজস্ব প্রতিবেদক

অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং তা এক বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা সম্ভব হবে। বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান এবং বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার ড. জাস্টিন ল্যান্স লী এ আশাবাদ ব্যক্ত করেছেন।
বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার গতকাল সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে দু’দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন।
এ সময় অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার কিলমেনি বেকারিং ভিনকার্স এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (রফতানি) মনোজ কুমার রায় উপসি'ত ছিলেন।
অস্ট্রেলিয়ার পণ্য গুণে ও মানে ভালো উল্লেখ করে বাণিজ্য মন্ত্রী বাংলাদেশে টেক্সটাইল, জ্বালানি ও আইটি খাতে অস্ট্রেলিয়ান বিনিয়োগ এবং এ দেশ থেকে অধিক পরিমাণ তৈরী পোশাক, পাট ও পাটজাত পণ্য নেয়ার জন্য তিনি অস্ট্রেলীয় হাইকমিশনারের প্রতি আহবান জানান।
বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে ছোট ও মাঝারি আকারের জাহাজ রফতানি হচ্ছে উল্লেখ করে ফারুক খান বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় জাহাজ রফতানির সুযোগ কাজে লাগানোর প্রতি গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, ২০০৮-০৯ অর্থবছরের উভয় দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিলো ছয়শ’ মিলিয়ন মার্কিন ডলারেরও অধিক। এ সময় বাংলাদেশের রফতানির পরিমাণ ছিলো ৯০ দশমিক ১৪ মিলিয়ন মার্কিন ডলার এবং আমদানির পরিমাণ ছিলো ৫১০ দশমিক ১৬ মিলিয়ন মার্কিন ডলার।
পরে, বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের সাথে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জ্যাং জিয়ানি সৌজন্য সাক্ষাৎ করেন।
রাষ্ট্রদূত আগামী ৯ ও ১০ ফেব্রুয়ারি চীনের শিচুয়ান প্রদেশের অর্থ ও বাণিজ্য বিষয়ক ১২ সদস্যের এক সরকারি প্রতিনিধিদলের বাংলাদেশ সফর এবং উভয় দেশের বাণিজ্যিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মন্ত্রীর সাথে মতবিনিময় করেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুস্তাফা মহিউদ্দিন এবং চীনা দূতাবাসের ইকোনমিক এন্ড কমার্শিয়াল কাউন্সিলর লিন উইকিয়াং এ সময় উপসি'ত ছিলেন।




For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal