 |
চট্টগ্রাম ইপিজেডে চীনা কোম্পানির ৮ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ
বাসস
মেসার্স ইউনিভার্সেল হেটস এন্ড ব্যাগস ম্যানুফ্যাকচারস লিমিটেড নামে একটি চীনা কোম্পানি চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় গার্মেন্টস শিল্পে বিনিয়োগ করবে। সম্পূর্ণ বিদেশী এই কোম্পানি ৮ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে বিভিন্ন ধরনের তৈরি পোশাক উৎপাদন ও রফতানি করবে। মেসার্স ইউনিভার্সেল হেটস এন্ড ব্যাগস ম্যানুফ্যাকচারস লিমিটেড ৩ হাজার বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল একথা বলা হয়। এ উপলক্ষে গতকাল ঢাকায় বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের নির্বাহী দফতরে বেপজা ও মেসার্স ইউনিভার্সেল হেটস এন্ড ব্যাগস ম্যানুফ্যাকচারস লিমিটেডের মধ্যে একটি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মোয়েজ্জদ্দীন আহমেদ এবং মেসার্স ইউনিভার্সেল হেটস এন্ড ব্যাগস ম্যানুফ্যাকচারস লিমিটেডের মহাব্যবস্থাপক জ্যাং ওয়েন সেং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে লিজ চুক্তি স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ খান, এনডিসি, পিএসসি, সদস্য (অর্থ) একেএম মাহবুবুর রহমান, সচিব শওকত নবী, মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) এজেডএম আজিজুর রহমান, মহাব্যবস্থাপক (জনসংযোগ) খোরশেদ আলম এবং বেপজার অন্যান্য কর্মকর্তা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপসি'ত ছিলেন। |
|
 |