 |
মুন্সীগঞ্জে আলু লুট ঠেকাতে পুলিশ ক্যাম্প
মুন্সীগঞ্জ প্রতিনিধি
দাঙ্গা পুলিশ মঙ্গলবার মাঠে নেমেছে আলু লুট ঠেকাতে। স্থাপন করা হয়েছে পুলিশ ক্যাম্প। সদর থানার ওসি শহিদুল ইসলাম জানিয়েছেন, আলু মৌসুমকে সামনে রেখে কৃষকের নিরাপত্তা ও নির্বিঘ্নে আলু উত্তোলন নিশ্চিত করবে সদর থানা পুলিশ। সদর উপজেলার চরাঞ্চলের ৫টি ইউনিয়নের লক্ষাধিক মেট্রিক টন উৎপাদিত আলু মাঠ থেকে উত্তোলনের পর হিমাগারে মজুদ ও পাইকারদের কাছে আলু বিক্রির নিরাপত্তা বিধানে চরাঞ্চলে দাঙ্গা পুলিশ মোতায়ন করা হয়েছে। মোতায়েনকৃত দাঙ্গা পুলিশের জন্য চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুড়িয়া বাজার এলাকায় একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে। ক্যাম্প চালুর পর মঙ্গলবার সকাল থেকে দাঙ্গা পুলিশ মাঠে নামে। ২ জন এস আইয়ের তত্ত্বাবধানে এই পুলিশ ক্যাম্পে রয়েছে ২০ সদস্যের দাঙ্গা পুলিশ। অন্যদিকে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বিশ্বজিত জানান, মঙ্গলবার থেকে আলু আর কৃষক- সবাইকে নিরাপত্তা দেয়ার জন্য অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাঙ্গা পুলিশ সর্বদা মাঠে নিয়োজিত থাকবে। তবে এ পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি আলু উত্তোলন মৌসুমে। পরিসি'তি প্রতিকূল হতে পারে আশঙ্কা করেই এই ক্যাম্প স্থাপন করা হয় বলে পুলিশ জানায়। |
|
 |