 |
চীনে হ্যাকার প্রশিক্ষণ ওয়েবসাইট বন্ধ, গ্রেপ্তার ৩
রয়টার্স
চীনা কর্তৃপক্ষ দেশের সবচেয়ে বড় হ্যাকার প্রশিক্ষণ ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে এবং এর তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। চীনের উহান ইভিনিং নিউজ পত্রিকা হুয়াংগং পুলিশের বরাত দিয়ে সোমবার জানায়, 'ব্ল্যাক হক সেফটি নেট' নামের ওয়েবসাইট অর্থের বিনিময়ে এর সদস্যদের হ্যাকিং এবং ক্ষতিকর সফটওয়ার নামানোর কৌশল শেখাতো। এই ওয়েবসাইটের সদস্যসংখ্যা ১২শ’। চীনাদের ব্যাপকহারে হ্যাকিংয়ের কারণে গুগল গতমাসে চীন থেকে নিজেদের গুটিয়ে নেওয়ার হুমকি দেয়। এর পরপরই চীনের হ্যাকিংয়ের বিষয়টি আন্তর্জাতিক মহলের নজর কাড়ে। উহান ইভিনিং নিউজ জানায়, ওয়বসাইটটি গত নভেম্বরের শেষ দিকে বন্ধ করে দেওয়া হয়। অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে এর তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তবে এ খবর এতদিনে প্রকাশ করা কেন হলো পত্রিকাটি সে সম্পর্কে কিছু জানায়নি। চীনে হ্যাকিং বেশ জনপ্রিয়। হ্যাকাররা সেখানে একাধিক ঠিকানা ও সার্ভার ব্যবহার করে থাকে। ফলে হ্যাকারদের সনাক্ত করাটা অত্যন্ত কঠিন। |
|
 |