 |
অষ্ট্রেলিয়ায় ২০ হাজার বিদেশী ছাত্রের অভিবাসন আবেদন বাতিল
এএফপি
অষ্ট্রেলিয়া সোমবার ব্যাপক যাচাই বাছাইয়ের পর ২০ হাজার ছাত্রের অভিবাসন আবেদন বাতিল করেছে। রন্ধন ও কেশবিন্যাসের মতো কোর্সসমূহে অংশগ্রহণের মাধ্যমে স্থায়ী অভিবাসন প্রত্যাশী বিদেশী ছাত্রদের কঠোরভাবে নিয়ন্ত্রণে এ পদক্ষেপ নেয়া হয়। দেশটির অভিবাসন মন্ত্রী ক্রিস ইভানস বলেন, অষ্ট্রেলিয়ায় ভারতীয় জনসংখ্যা হঠাৎ বৃদ্ধি এবং ছাত্রদের ওপর অব্যাহত হামলার কারণে এ সংস্কার কর্মসূচী হাতে নেয়া হয়। এখন থেকে কেবল উচ্চ দক্ষদের অগ্রাধিকার দেয়া হবে। তিনি বলেন, প্রায় ২০ হাজার আবেদনকারী ছাত্র তাদের ফি ফেরত পাবে, যার পরিমাণ ১ কোটি ২০ লক্ষ মার্কিন ডলার। নতুন আইনে ইংরেজীতে অধিক দক্ষ এবং সবচেয়ে ভালোদের প্রাধান্য দেয়া হবে। বিপুল সংখ্যক বিদেশী ছাত্র-ছাত্রীদের জন্য উন্মুক্ত শিক্ষা খাতকে ঢেলে সাজানো নতুন এই পদক্ষেপের লক্ষ্য বলে ধারণা করা হচ্ছে, যা সাফল্যের সঙ্গে এশীয় ছাত্রদের আকৃষ্ট ও দেশের চতুর্থ বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতে পরিণত হয়েছে। দেশটির বিশাল এ খাতে ব্যাপক অনিয়ম ও ভিসা জালিয়াতির অভিযোগ গুরুতর রূপ ধারণ করায় গত বছর কর্তৃপক্ষ বেশ কিছু প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হয়। এদিকে ইভানস আরো বলেন, রন্ধন, হিসাব এবং কেশবিন্যাসের মতো বিষয়ে লক্ষ লক্ষ ছাত্র পড়াশুনা করছে। এর মাধ্যমে তারা অস্ট্রেলিয়ায় স্থায়ী অভিবাসন লাভের সুযোগ পায়। অষ্ট্রেলিয়ায় গত অক্টোবর মাসে ১ লক্ষ ১৭ হাজার ভারতীয় ছাত্র ভর্তির সুযোগ পায়, যা মোট বিদেশী ছাত্রের ১৯ শতাংশ। উল্লেখ্য, অষ্ট্রেলিয়ায় গত ১৮ মাসে শত শত ভারতীয় ছাত্র ডাকাতি ও হামলার শিকার হয়। ভারতীয় গণমাধ্যম বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তুলে ধরে। |
|
 |