al-ihsan.net
বাংলা | English

নির্বাচনে অংশ নিতে পারবেন না সুকি
আল ইহসান ডেস্ক

মায়ানমারের জান্তা সরকারের নতুন নির্বাচনী আইনে অং সান সুকি নির্বাচনে অংশ নিতে পারবে না । জান্তা সরকার নিয়ন্ত্রিত একটি সংবাদপত্র গতকাল বুধবার এ খবর জানায়।
জান্তা সরকারের নতুন এই আইনে রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন আইন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে যদি কেউ আদালতের রায়ে দোষী সাব্যস্ত হন তাহলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না।
মায়ানমারের জান্তা সরকার দুই দশকের মধ্যে এই প্রথমবারের মতো নির্বাচনী আইন তৈরি করল। ক্ষমতাসীন সামরিক জান্তা ২০০৮ সালের প্রথম দিকে ঘোষণা দেয়, ২০১০ সালে তারা জাতীয় নির্বাচনের আয়োজন করবে।
এক মার্কিন নাগরিককে তার বাসায় আশ্রয় দেয়ার অভিযোগে গত বছর আগস্ট মাসে অং সান সুকিকে আবার কারদণ্ড দেয়া হয়। নভেম্বরে তার কারদণ্ডের মেয়াদ শেষ হবে। তবে আন্তর্জাতিক সমপ্রদায় এটিকে প্রহসনের বিচার বলে অভিহিত করেছে। তারা বলছে, সুকিকে নির্বাচনে ঠেকানোর জন্যই প্রহসনের বিচার করা হয়েছে।
সুকির পক্ষ থেকে তার মুক্তির জন্য গত মাসে দেশটির সুপ্রিম কোর্টে একটি আবেদন জানানো হয়েছিল। কিন' উচ্চ আদালত আবেদনটি খারিজ করে দিয়েছে।
মায়ানমারে নির্বাচনের তারিখ এখনও ঘোষণা করা হয়নি এবং সুকির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি নির্বাচনে অংশ নিবে কিনা তাও জানা যায়নি।
নতুন নির্বাচনী আইনে ধর্মীয় নেতা এবং সরকারি চাকরিজীবী কোনো রাজনৈতিক দলে যোগদান করতে পারবেন না। জান্তা সরকার গত সোমবার নির্বাচনের নতুন ৫ টি আইন পাস করে। এর মধ্যে দুটি প্রকাশ করা হয়েছে।
মায়ানমারে ১৯৯০ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে সুকির দল এনএলডি জয়লাভ করলেও জান্তা সরকার তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করেনি। সামরিক জান্তার একজন মুখপাত্র বলেন, নির্বাচনী আইনে মূলত কী কী বিষয় মেনে চলতে হবে, কোন কোন রাজনৈতিক দল অংশগ্রহণ করবে তা নির্ধারণ করা হয়েছে।




For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal