 |
উত্তেজনা সত্ত্বেও উত্তর কোরিয়ায় সিউলের গুঁড়া দুধ সরবরাহ
এএফপি
সীমান্তে ব্যাপক সামরিক মহড়া চালানোকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা সত্ত্বেও সিউল বুধবার উত্তর কোরীয় শিশুদের জন্য ২০ মেট্রিক টন গুঁড়া দুধ সরবরাহ করেছে। একত্রিকরণ মন্ত্রণালয়ের মুখপাত্র লী জং-জো জানান, আন্তঃসীমান্ত পণ্য সরবরাহ হচ্ছে প্রতিশ্রুত রেডক্রস সাহায্য প্যাকেজের অংশ। এ সাহায্য প্যাকেজের মধ্যে ১০ মেট্রিক টন খাদ্যশস্য সরবরাহও অন্তর্ভুক্ত রয়েছে। লী বলেন, ‘১০ মেট্রিক টন খাদ্যশস্য ক্রয় এখন প্রক্রিয়াধীন রয়েছে।’ দারিদ্র্যপীড়িত উত্তর কোরিয়ার জন্য অতিরিক্ত খাদ্য সাহায্য ছাড়াও দক্ষিণ কোরিয়া গত ডিসেম্বর ও ফেব্রুয়ারি মাসে সেখানে সোয়াইন ফ্লু প্রতিরোধে ওষুধ ও অন্যান্য উপকরণ প্রেরণ করে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরীয় সৈন্যদের সোমবার শুরু করা ১০ দিনব্যাপী বার্ষিক যৌথ সামরিক মহড়ার বিরুদ্ধে উত্তর কোরিয়া কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করে। এ সামরিক মহড়াকে উত্তর কোরিয়া আগ্রাসনের অনুশীলন হিসেবে বর্ণনা করেছে। সোমবার উত্তর কোরিয়া বলেছে, তারা তাদের সামরিক বাহিনীকে পূর্ণ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে এবং আগ্রাসনের জবাবে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন স্থাপনা উড়িয়ে দিতে প্রস্থত বলেও ঘোষণা দিয়েছে। মঙ্গলবার কমিউনিস্ট রাষ্ট্রটি বলেছে, তারা যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে তাদের পরমাণু অস্ত্র আরো শক্তিশালী করবে এবং ওয়াশিংটনের সঙ্গে সংলাপ ও যুদ্ধ উভয়ের জন্য প্রস্থত রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া বলেছে, তাদের বার্ষিক এই সামরিক মহড়া কেবলমাত্র প্রতিরক্ষামূলক। এতে ১৮ হাজার আমেরিকান এবং ২০ হাজার দক্ষিণ কোরীয় সৈন্য অংশ নিচ্ছে। প্রসঙ্গত, উত্তর কোরিয়া বরাবরই দক্ষিণ কোরিয়া সীমান্তে সামরিক মহড়ার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করে থাকে। তবে তারা সব সময়ই বড় ধরনের সংঘর্ষ এড়িয়ে চলে। এই সামরিক মহড়া এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন ছয়-জাতি পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনায় উত্তর কোরিয়াকে ফিরিয়ে আনার জোর কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। উত্তর কোরিয়া গত বছরের এপ্রিলে ওই আলোচনা থেকে বেরিয়ে আসে। ছয়-জাতি আলোচনায় ফিরে যাওয়ার পূর্বশর্ত হিসেবে উত্তর কোরিয়া শান্তি চুক্তির ব্যাপারে আলোচনা শুরু করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি দাবি করছে। এই চুক্তি ১৯৫০-’৫৩ সালে কোরীয় যুদ্ধ বন্ধে সম্পদিত চুক্তির স্থলাভিষিক্ত হবে। এছাড়াও উত্তর কোরিয়া তাদের বিরুদ্দে আরোপিত জাতিসংঘ অবরোধ তুলে নেয়ারও আহ্বান জানায়। |
|
 |